দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন থেকে অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। রবিবার দুপুরে রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হন।
যোগদানকারী নেতাকর্মীরা মূলত আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এবি পার্টি থেকে এসেছেন বলে জানা গেছে। অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির শীর্ষ নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে এনসিপি কাজ করে যাচ্ছে। নতুন নেতাকর্মীদের যোগদানের মাধ্যমে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলেও তারা আশা প্রকাশ করেন।