ফাইল ছবি
চট্টগ্রাম, ২০ এপ্রিল ২০২৬:
বাংলাদেশ নৌবাহিনী মায়ানমারে পাচারের সময় সিমেন্ট বোঝাই একটি বোটসহ ১১ জনকে আটক করেছে।
নৌবাহিনী সূত্র জানায়, দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। একইসঙ্গে ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়নেও নৌবাহিনী দায়িত্ব পালন করছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (১৯ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১১টার দিকে বিএনএস সমুদ্র অভিযান জাহাজটি সেন্টমার্টিন দ্বীপ লাইটহাউজ থেকে প্রায় ১২ মাইল দূরে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট শনাক্ত করে।
পরবর্তীতে দ্রুত অভিযান চালিয়ে “এফবি আব্দুর রহমান-২” নামের বোটটিকে আটক করা হয়। এ সময় বোটে তল্লাশি চালিয়ে ৮৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয় এবং পাচারের সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়।
জব্দকৃত বোট ও সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা বলে জানানো হয়েছে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।
বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ পাচার প্রতিরোধ এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।