ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট | ঢাকা | ২ এপ্রিল ২০২৬
সিআইডির সাইবার ইউনিটের এসআই পরিচয়ে প্রতারণা করে অর্থ আত্মসাৎকারী একটি চক্রের সদস্য রিপন মিয়া (২৪) কে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট।
বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নিরিবিলি এলাকার ফাল্গুনী হাউজিংয়ের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও ৮টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
সিআইডি সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক ভুক্তভোগী তার ব্যবহৃত একটি আইফোন-১৫ মডেলের মোবাইল হারিয়ে ফেলেন। পরবর্তীতে মোবাইল উদ্ধারের জন্য তিনি “Cyber Crime Helpline” নামের একটি ভুয়া ফেসবুক আইডির সঙ্গে যোগাযোগ করেন।
ওই আইডি থেকে তাকে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়। সেখানে যোগাযোগ করলে প্রতারক নিজেকে সিআইডির সাইবার ইউনিটের এসআই ‘ইকবাল হোসেন’ পরিচয় দিয়ে মোবাইল উদ্ধার করে দেওয়ার আশ্বাস দেয়। এক পর্যায়ে মোবাইল উদ্ধারের কথা বলে বিকাশের মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে ৫ হাজার টাকা হাতিয়ে নেয় এবং পরে যোগাযোগ বন্ধ করে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৫, তারিখ: ১৬/০১/২০২৬; ধারা ৪০৬/১৭০/৪১৯/৪২০/৩৪ পেনাল কোড, ১৮৬০)। মামলা রুজুর পর সিআইডির সাইবার পুলিশ সেন্টার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে সনাক্ত করে।
প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, একই কৌশল ব্যবহার করে এই চক্র অন্য এক ভুক্তভোগীর কাছ থেকেও ৭২ হাজার ৭০০ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে নিজেকে সিআইডির এসআই (ইকবাল, আরমান ইত্যাদি নাম ব্যবহার করে) পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হারানো মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল।
সিআইডি জানিয়েছে, এ ধরনের প্রতারণা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অর্থ দাবি করলে তার সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।