ফাইল ছবি
সিলেট, ১ এপ্রিল ২০২৬ (বুধবার):
আজ (বুধবার) দুপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন এবং মাঠের অবকাঠামো ও সুবিধাসমূহ ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত হয়ে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সময়ে দেশের ৬৪ জেলাতেও একযোগে এই কর্মসূচি চালু করা হবে, যা দেশের ক্রীড়া উন্নয়নে একটি বড় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেটসহ মোট সাতটি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানান, সরকার খেলাধুলাকে আরও জনপ্রিয় ও বাধ্যতামূলক করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিশুরা ছোটবেলা থেকেই শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব উপলব্ধি করতে পারে।
তিনি বলেন, প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করতে ক্রীড়া বৃত্তির ব্যবস্থা রাখা হবে। এতে করে দেশের মেধাবী খেলোয়াড়রা আরও ভালোভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
এছাড়া প্রতিমন্ত্রী জানান, গত ৩০ মার্চ থেকে জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে অবশিষ্ট খেলোয়াড়দের মধ্যেও এই ভাতা ও কার্ড প্রদান সম্পন্ন করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই উদ্যোগ দেশের ক্রীড়া খাতকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে সহায়তা করবে।